Search

Showing posts with label Bangla Kobita. Show all posts
Showing posts with label Bangla Kobita. Show all posts

Friday, September 6, 2013

ওগো পদ্মপাতা // সুব্রত পাল


আমার পদ্মপাতা -
তুমি জলের সাথে খ্যালো। 
ঝঞ্ঝা কেটে ঠাণ্ডা স্বচ্ছ জলে 
আমার পদ্মপাতা - 
যাবোই, আমি যাবো।

তোমার বৃত্ত ছুঁয়ে - 
আমি কাজ পাগলা হলাম। 
রাত্রি শেষে বুক কেঁদে যায় 
               অনন্ত বিশ্রামে - 
আমার পদ্মপাতা - 
তুমি সাথীর কথা 
ভাবলে যদি, বলো।

তোমার পদ্মমধু - 
তোমার ঠোঁটের কষে 
তুমি ধুইয়ে দেবে চোখ। 
তোমার পায়ের নিচে - 
ভুলে রক্ত কাঁটা কালো 
আমি হাত রাখবো তাতেই।

আমার পদ্মপাতা - 
আমি যাবোই যাবো 
নীল জলের ফোঁটা 
ঘিরে যখন তোমায়।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Sunday, August 25, 2013

হৃদয়, এক নদী // সুব্রত পাল


হৃদয়, এক নদী
দুপাশে খোলা মাঠ
কখনো তুমি আসো
আমিও সাঁতরাই।
জলের ছিটে লাগে
কথারা চুপ চাপ্‌
কখনো তুমি ভাসো
আমিও হেঁটে যাই।

হৃদয়, এক নদী
আকাশ ছুঁয়ে যায়
কখনো তুমি মেঘ
আমিও মোহনায় -
বিষাদ উঁকি মারে
রোদের ঘুম ঘুম
কখনো তুমি ভয়
আমিও নিঃঝুম।

হৃদয়, এক নদী
অচেনা রূপ তার
কখনো থই থই
কখনো ভাবনার।
একাকী ওঠানামা
বুকের গ্বহরে
কখনো ভালোবাসে
কখনো কেঁদে মরে।

হৃদয়, এক নদী...

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Tuesday, August 20, 2013

কৃষ্ণকলি, আজও // সুব্রত পাল


মেয়েটার আছে মাথা ভরা চুল
মেয়েটার রঙ কালো
বাপ্‌ ঠাকুমার আপত্তিতেও
মেয়ে তবু জন্মালো।

মেয়েটার আছে চওড়া কপাল
মেয়েটার নাক বোঁচা
নদীজল ভেঙে এগোতেই থাকে
ক্রমাগত সব খোঁচা।

মেয়েটার আছে মায়ের আদল
মেয়েটার চোখ টানা
জন্ম থেকেই খুঁজতে থাকে
কোথায় তার ঠিকানা।

মেয়েটার আছে ঝড়ের আভাস
চিবুকে ছোট্ট তিল
রাত্তিরে মোটে বেরোনো বারন
রাতের আকাশে চিল।

মেয়েটার আছে পুরুষ্টু ঠোঁট
বয়স ছুঁয়েছে কুড়ি
চৌকাঠ খোলা, মনের উঠোনে
স্বপ্নের হামাগুড়ি।

অনেক স্বপ্নে ধুলো লেগে লেগে
অনেক স্বপ্ন মাটি
তবুও একটা স্বপ্ন আসার
রাস্তাটা পরিপাটি।

মেয়েটার আছে দূর দিগন্ত
এক বুক নিঃশ্বাস
কবে থেকে মনে তরুণ প্রেমিক
করে চলে বসবাস।

হয়ত ছেলেটা আসবে এবার
এই বসন্ত ধরে
মেয়েটার মন বসন্ত হয়
উড়ো মেঘ যায় সরে।

কিন্তু কোথায়, সেই ছেলে কই ?
সে ছেলে আসে না আর
একটা দামাল ঢেউ মুছে দেয়
চিহ্ন সব কথার।

কথা বললেই, কত কথা হয়
না বললে চুপচাপ
শুধু মেয়েটার কোন কথা নেই
ঠোঁটে তিরতিরে কাঁপ।

মেয়েটার আছে মায়ের আদল
মেয়েটার চোখ টানা
জন্ম থেকেই খুঁজতে খুঁজতে
এখনো খোঁজে ঠিকানা।

মেয়েটার আছে মাথা ভরা চুল
মেয়েটার রঙ কালো
বাপ্‌ ঠাকুমার আপত্তিতেও
মেয়ে, কেন জন্মালো ?

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.

Thursday, March 21, 2013

আগুন // সুব্রত পাল


একটি ফোঁটা মাথায় পড়ে,
একটি ফোঁটা পায়ে।
শেষকালে কি ভিজতে গিয়ে
পড়বি মানের দায়ে?

মান খোয়ালে শোল বোয়ালে
ঘষটে দেবে গা।
ও মেয়ে তুই থাকবি ঘরে,
বাইরে যাবি না।

বাইরে দেখি আসল মেকি
দাঁড়িয়ে দুয়ার ধরে।
সাধুর সাথে গলায় গলায়
মিল হয়েছে চোরের।

চোরের সাথে ভোরের দিকে
ইকির মিকির খেলা।
আগুন এসে শরীর ঘেঁষে
গড়বে তখন ভেলা।

ভেলায় ভেসে দিনের শেষে
পড়বি মানের দায়ে।
একটি ফোঁটা মাথায় পড়ে,
একটি ফোঁটা পায়ে।

© 2013 Subrata Paul. All Rights Reserved.
Unauthorized use or reproduction for any reason is prohibited.